খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারবেন নারীরাও

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:১৯ এম, ৩১ ডিসেম্বর ২০২৫  
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারবেন নারীরাও

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণে আগ্রহী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

তিনি আরও বলেন, জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বাদ জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে আগ্রহী সকলকে নিরাপত্তাজনিত কারণে কোনো ধরনের ব্যাগ সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়