তিনি যেন ঠিক ধ্যানমগ্ন এক ঋষি!
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন বাংলাদেশের কিংবদন্তি বাঁহাতি পেসার কাটার, স্লোয়ার, বাউন্সার, ইয়র্কার ম্যান মুস্তাফিজুর রহমান। যাকে ঘিরে উত্তাল বাংলাদেশ-ভারতের ক্রিকেট আর রাজনীতি। এতো কিছু পরও তিনি যেন ঠিক ধ্যানমগ্ন এক ঋষি। তিনি সবটুকু নিমগ্ন নিজের কাজে।
রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন, মাঠের বাইরে এত ঘটনাপ্রবাহের মাঝেও ‘বিন্দাস’ আছেন এই পেসার। বিপিএলে রোববার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের ৫ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছে ফিফটি করা মাহমুদউল্লাহ। তবে সেরার স্বীকৃতি অনায়াসেই পেতে পারতেন মুস্তাফিজ। ঢাকার নাগাল থেকে ম্যাচ বের করে এনে শেষ সময়ের নায়ক তো তিনিই। শেষ ১৮ বলে ২৫ রান প্রয়োজন ছিল ঢাকার। উইকেট বাকি তখনও ৭টি। এই সময়ের ক্রিকেটে এমন সমীকরণ স্রেফ তুড়ি বাজিয়ে মিলিয়ে ফেলে দলগুলি। কিন্তু ঢাকা পারেনি, কারণ মুস্তাফিজের জবাব তাদের ছিল না। অষ্টাদশ ওভারে বোলিংয়ে এসে মাত্র দুই রান দেন মুস্তাফিজ। ওভারের শেষ বলে বিদায় করে দেন বিপজ্জনক শামীম হোসেনকে। রংপুরের পাকিস্তানি পেসার আকিফ জাভেদের করা পরের ওভার থেকে ১৩ রান নেয় ঢাকা। চার ও ছক্কা মারেন সাব্বির রহমান। তাতে শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় ১০ রানে। ফিফটি করে অপরাজিত থাকা মোহাম্মদ মিঠুন ও আগ্রাসী সাব্বির, কেউই পারেননি শেষ ওভারে কোনো বড় শট খেলতে। অসাধারণ বোলিংয়ে গোটা ওভারে মাত্র চারটি সিঙ্গল দেন মুস্তাফিজ। দুই বল থেকে আসেনি রান। নিজের শেষ দুই ওভারে কেবল ছয় রান দেন তিনি। ব্যস, ঢাকা ম্যাচ হেরে যায় সেখানেই। ১৯তম ওভারের শেষ বলে যখন আকিফ ছক্কা হজম করেছিলেন, সোহানের চোখেমুখে ও প্রতিক্রিয়ায় বিরক্তি ছিল স্পষ্ট। শেষ ওভার শেষে তার মুখেই চওড়া হাসি। সেই হাসি যিনি এনে দিয়েছেন, তাকে প্রশংসাতেও ভাসালেন রংপুর অধিনায়ক। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, অবশ্যই দেখুন, মুস্তাফিজ বিশ্বমানের বোলার। সেটা ও অনেকদিন ধরে প্রমাণ করে আসছে এবং ওই বিশ্বাসটা সবার আছে ওর উপরে। অবশ্যই আমার কাছে মনে হয় যে, ওকে নিয়ে বলার কিছু নাই। ও সবসময় মুগ্ধ করে। সবসময়ের সঙ্গে এই সময়ের একটু পার্থক্য তো আছেই। মুস্তাফিজের জন্য বড় ধাক্কা হয়েই আমার কথা আইপিএল থেকে বাদ পড়া। বাংলাদেশের রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে এবার দল পেয়েছিলেন তিনি। প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে। অসাধারণ ফর্মেও আছেন তিনি এখন। সব মিলিয়ে তার হতাশার কারণ আছে বটে। তবে মুস্তাফিজ এমনিতে বরাবরই প্রতিক্রিয়া প্রকাশে বেশ নির্লিপ্ত। উচ্ছ্বাস বা হতাশা, কোনোটিই খুব বেশি দেখা যায় না তার কখনোই। সোহান বললেন, এবারও ব্যাপারটি অনেকটা সেরকমই। অবশ্যই ও (মোস্তাফিজ) বিন্দাস আছে। তবে পাশাপাশি আমার মনে হয়, খারাপ লাগা তো থাকতেই পারে। কারণ ও যেটা ডিজার্ভ করে... আমার মনে হয়, যে আগেও আরও বেশি ডিজার্ভ করত। অবশ্যই ওই জায়গা থেকে থাকতে পারে (খারাপ লাগা)… তবে আমার মনে হয় যে... ইট'স ফাইন। তবে ব্যাপারটি এখন আর শুধু তার একার মধ্যে নেই। তাকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে তুমুল উত্তেজনা চলছে বাংলাদেশে। ভারতীয় বোর্ডের ওই সিদ্ধান্তের পর বাংলাদেশও আইসিসিতে জানিয়ে দিয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত। সামাজিক মাধ্যমে বইছে ঝড়। এসব তো তাকে ও রংপুর দলকে স্পর্শ করারই কথা। সোহান জানালেন, মুস্তাফিজকে এসব খুব একটা স্পর্শ করেনি। সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া বা এগুলা খুব একটা অনুসরণ করি না। বাইরে কী হচ্ছে আমি খুব একটা বেশি জানি না। হ্যাঁ, দলের ভেতরে আমাদের কথা হচ্ছিল। তবে যেটা বললাম, মোস্তাফিজের অবশ্যই খারাপ লাগা থাকতে পারে, সে ডিজার্ভ করতে পারে। তবে আমার মনে হয় যে, ও সবসময় স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে সেরাটা দেওয়ার এবং আমার কাছে মনে হয়, ও বিন্দাস আছে।



















