আইপিএলে খেলতে পারবেন না মোস্তাফিজ!
আইপিএলে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক সামগ্রিক পরিস্থিতি ও দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা।
একই সঙ্গে মোস্তাফিজের বদলে নতুন খেলোয়াড় নেয়ার অনুমতিও ফ্র্যাঞ্চাইজিটিকে দেওয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক বিবৃতিতে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেন, বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি বিরাজ করছে, তার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, কেকেআর যদি বিকল্প কোনো খেলোয়াড় নিতে চায়, বিসিসিআই সেই অনুমতি দেবে।
গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএলের মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। নিলামে চেন্নাই সুপার কিংস ও কেকেআরের মধ্যে মোস্তাফিজকে নিয়ে তীব্র দরকষাকষি হয়। শেষ পর্যন্ত কেকেআরই তাকে দলে নেয়। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েন মোস্তাফিজ।



















