জয়ের আগেই না ফেরার দেশে কোচ মাহবুব আলী জ্যাকি, সেই জয় তাঁকেই উৎসর্গ করল ঢাকা ক্যাপিটালস
ঢাকা ক্যাপিটালসের জয়ের পরিকল্পনা তিনিই সাজিয়েছিলেন। শিষ্যরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করে মাঠে জয়ও তুলে নিলেন। কিন্তু সেই জয় আর নিজের চোখে দেখে যেতে পারলেন না দলের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। ম্যাচ শুরুর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ কোচকে আর বাঁচানো সম্ভব হয়নি। বিপিএলে ঢাকার প্রথম ম্যাচেই ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পুরো দল ও ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিজেদের বিপিএল যাত্রার শুরুতেই এমন একজন অভিভাবকসম কোচকে হারানো দলের জন্য অপূরণীয় ক্ষতি।
মোহাম্মদ মিঠুন বলেন,“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জ্যাকি স্যার আমাদের বাবার মতো আগলে রাখতেন। তাঁর চলে যাওয়া শুধু আমাদের দলের নয়, পুরো ক্রিকেটের জন্যই এক বড় ক্ষতি। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই, তবে এই জয়টি বিশেষভাবে আমরা জ্যাকি স্যারকে উৎসর্গ করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।”
ম্যাচে ইমাদ ওয়াসিমের দারুণ বোলিং ও শেষ দিকে সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করে রাজশাহী ১৩৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। জবাবে আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ ৪৫ রান ও সাব্বির রহমানের ১০ বলে অপরাজিত ২১ রানের ইনিংসে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।
তবে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করলেও সেই আনন্দ উপভোগ করতে পারছেন না দলের ক্রিকেটাররা। কোচের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
প্রয়াত কোচ মাহবুব আলী জ্যাকির প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সিলেট স্টেডিয়ামে। হাসপাতাল থেকে মরদেহ স্টেডিয়ামে নেওয়া হলে জানাজায় অংশ নেন ক্রিকেটার, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে কোচ হিসেবে যোগ দেন মাহবুব আলী জ্যাকি। পরবর্তীতে তিনি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।



















