সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত
সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ২।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাওয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ভূকম্পনের সময় ঘরে থাকা অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল এবং কিছু ঘরের জানালা ও ফ্যান কেঁপে উঠেছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ভূকম্পনের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে কিছু জানায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয় বলে জানায় ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র। ওই দিন দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী অঞ্চলের বিয়ানিবাজারে।



















