সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ও কুষ্টিয়ার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিশ্বজিৎ কুমার দাস এবং মো. বাবু নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ।
বুধবার (২৪ ডিসেম্বর) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্পের একটি টহল দল ও কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির দুটি দল পৃথক অভিযানে তাদের আটক করে।
বর্ডার গার্ড বাংলাদেশের লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দুর্গাপুর বিওপির টহলদল অবৈধ অনুপ্রবেশের দায়ে বিশ্বজিৎ কুমার দাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করে। তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং একটি আধার কার্ডের ফটোকপি জব্দ করা হয়।
বিশ্বজিৎ ভারতের আলিপুর দুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে।
অপরদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর চরচিলমারী বিওপির টহলদল দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মো. বাবু নামে অপর এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।
বাবু ভারতরে পশ্চিমবঙ্গ রাজ্যরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















