ভূমিকম্পে কাঁপল উত্তরাঞ্চল
বগুড়াসহ উত্তরের জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুবাইয়াৎ কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ৯টা ১৪ মিনিট ৩৫ সেকেন্ডে (বাংলাদেশ সময়) এই ভূমিকম্প সংঘটিত হয়। এটি একটি মৃদু শ্রেণির ভূমিকম্প।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪১ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে বগুড়া জেলার শেরপুরে। এর ভৌগোলিক অবস্থান ২৪ দশমিক ৬৫১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ৩৬৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। এর আগে গত ২১ নভেম্বর সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ঢাকাসহ সারা দেশে অনুভূত হয়।
শুক্রবারের (২১ নভেম্বর) ওই ভূমিকম্পে ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন।



















