শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবি ঘোষণা ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে তৃতীয় দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষে বিচার দাবিসহ চার দফা দাবি ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুর ২টা থেকে হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ।
রোববার রাত পৌনে ১০টার দিকে এই ঘেষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, আমরা আজ দুপুর থেকে পুরো ৮ বিভাগে যে অবরোধ কর্মসূচি চালানো হয়েছে, তা রাত ৮টার দিকে স্থগিত করার অনুরোধ জানানো হচ্ছে। সেই সঙ্গে আগামীকাল (সোমবার) দুপুর ২টায় দেশের যত বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, কওমি মাদরাসা, আলিয়া মাদরাসাসহ সাধারণ জনতা রয়েছে, তাদেরকে হাদি চত্বরে আসার আহ্বান জানাবো। আমাদের এই লড়াই কোনভাবেই থামানো যাবে না। লড়াই কঠোর থেকে কঠোরতর হবে।
হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিগুলো হলো- হাদির খুনি ও খুনের পরিকল্পনায় যারা রয়েছে, তাদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার নিশ্চিত; বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশে যেসকল ভারতীয়রা কাজ করে, তাদের ওয়ার্ক পারমিট বাতিল; শেখ হাসিনা ও বাংলাদেশে ১৭ বছরে যারা গুম-খুন করে যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে ফেরত দেওয়া না হলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে এবং এখন পর্যন্ত বাংলাদেশে যেসকল গোয়েন্দা সংস্থা-আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত একেকজন একেক রকম বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। তাদের চিহ্নিত করে অতিদ্রুত চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে।
আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে, এটি আমাদের প্রধান দাবি। সেই সঙ্গে বাকি ৩ দফা এ সরকার থাকতেই নিশ্চিত করতে হবে।
গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেয়া হয়। তিনদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র।



















