গণ অধিকার পরিষদ ছাড়লেন রাশেদ খান, আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫  
গণ অধিকার পরিষদ ছাড়লেন রাশেদ খান, আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন রাশেদ খান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি সূত্রে জানা গেছে, রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানে এ আসনে তাঁর মনোনয়নের বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে রাশেদ খানকে বিজয়ী করতে মাঠে নামতে হবে। তিনি বলেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির মাধ্যমেই নির্বাচনী লড়াইয়ে সফলতা অর্জন সম্ভব।

রাশেদ খান বিএনপিতে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে চান। বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করাই তাঁর লক্ষ্য বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় রাশেদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের উচ্চতর পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতেই এই বহিষ্কার কার্যকর করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে রাশেদ খানের বিএনপিতে যোগদান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী কৌশলে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়