দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:৩৪ এম, ২৪ ডিসেম্বর ২০২৫  
দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করে রাখতে নানামুখী কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি।

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চ এখন প্রায় প্রস্তুত। এই আয়োজন ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে স্মরণকালের স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে।

বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিতে দলের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তরফেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডা. জোবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি।

সর্বশেষ

পাঠকপ্রিয়