২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
আগামী ২৫ ডিসেম্বর ১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐ দিন দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।
বিএনপি চেয়াপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে বিএনপির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি।
অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন। ফ্লাইটের ল্যান্ডিং টাইম বেলা ১১টা ৫৫ মিনিট। তাকে সংবর্ধনার জন্য জায়গা নির্ধারণ করা হচ্ছে, চূড়ান্ত হলে জানানো হবে।
এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।



















