শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৭:৫৪ এম, ০২ জানুয়ারী ২০২৬
রাজধানীতে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী ঢাকা।
শীত ও কুয়াশার এই দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
বিশেষ করে ভোর ও সকালের দিকে রাস্তায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে একাধিক গরম পোশাক গায়েও শীত সামলানো কঠিন হয়ে পড়েছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্নআয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা মানুষজন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠছে।



















