পতাকাবাহী গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে গুলশান থেকে জানাজার উদ্দেশ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে।
আজ বুধবার বেলা ১১টা ০৪ মিনিটে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে যাত্রা শুরু করে। গাড়িবহরে লাল-সবুজ রঙের একটি বাসও রয়েছে।
গাড়িবহরের সঙ্গে রয়েছেন তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার স্বজনরাও এতে অংশ নিয়েছেন।
জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। এদিকে জানাজায় অংশ নিতে সকাল থেকেই দলে দলে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জড়ো হতে শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়ক এবং ফার্মগেটের খামারবাড়ি মোড়সহ আশপাশের এলাকায় মানুষের উল্লেখযোগ্য ভিড় জমে উঠেছে।



















