শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে সমাহিত হবেন বেগম খালেদা জিয়া
জাতীয় সংসদ ভবনের পাশের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পূর্ব পাশে সমাহিত করা হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যে স্থাপত্য প্রকৌশল সংস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের নকশা ও নির্মাণকাজ করেছিল, সেই প্রতিষ্ঠানকেই বেগম খালেদা জিয়ার কবর খোঁড়া ও বাঁধাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে মূল নকশার কোনো পরিবর্তন না ঘটে।
বসত আর্কিটেক্ট প্রকৌশল সংস্থার প্রধান প্রকৌশলী মাসুদুর রহমান জানান, ২০০২ সালে জাতীয় সংসদ ভবনের পাশের জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধি নতুনভাবে সংস্কার করা হয়। সে সময় একটি নান্দনিক ব্রিজ নির্মাণসহ সমগ্র সমাধি প্রাঙ্গণকে দৃষ্টিনন্দন করে তোলা হয়। বর্তমানে ওই স্থাপত্যের সৌন্দর্য ও নকশা অক্ষুণ্ন রেখেই শহীদ জিয়ার কবরের ঠিক পূর্ব পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০০২ সালে সমাধি সংস্কারের সময় বেগম খালেদা জিয়ার কবরের জন্য কোনো নির্দিষ্ট নির্দেশনা তারা পাননি। সে সময় নির্দেশনা থাকলে আগেই দুটি কবরের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা যেত।
তিনি আরও জানান, সম্প্রতি বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শহীদ জিয়ার কবরের পাশে তাঁকে সমাহিত করার অনুরোধ জানানো হলে সেই অনুযায়ী কাজ শুরু করা হয়।
মাসুদুর রহমান বলেন, শহীদ জিয়ার কবরের মতোই বেগম খালেদা জিয়ার কবরেও সাধারণ মার্বেল পাথর ব্যবহার করা হবে এবং একই নকশায় সবুজ ঘাস রাখা হবে। নতুন কবর নির্মাণের ফলে শহীদ জিয়ার সমাধির মূল নকশায় কোনো ধরনের পরিবর্তন আসবে না।



















