মানিক মিয়া এভিনিউমুখী মানুষের ঢল
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা নিবেদন করতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ অভিমুখে মানুষের স্রোত নেমেছে। আজ বাদ জোহর দুপুর ২টায় এখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজায় অংশ নিতে ছুটে আসছেন। গতকাল মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন এলাকা ও আশপাশে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আজ সকালে তীব্র শীত উপেক্ষা করেও হাজারো মানুষ প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজাস্থলে জড়ো হচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, বেলা সাড়ে ১০টার মধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও অসংখ্য মানুষ জানাজাস্থলে এসে পৌঁছাচ্ছেন। সময় যত গড়াচ্ছে, মানুষের উপস্থিতি ততই বাড়ছে।
এদিকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকাতেও বিপুল সংখ্যক মানুষ ও নেতাকর্মীর সমাগম দেখা গেছে। বেগম খালেদা মজিয়াকে তাঁর স্বামী শহীদ জিয়ার কবরের পাশেই সমাহিত করা হবে। এরই মধ্যে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



















