সংসদ নির্বাচনে ২৫৮২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:৪০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫  
সংসদ নির্বাচনে ২৫৮২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষে আজ সোমবার রাতে নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ বিকেল ৫টা। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর আগামী নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।

সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। শেষ পর্যন্ত প্রার্থী হয়েছিলেন ১ হাজার ৯৬৯ জন। ইসি জানায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়তে মোট ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র নিয়েছিলেন সম্ভাব্য প্রার্থীরা। এর মধ্যে নির্দিষ্ট সময়ে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

ইসি জানায়, রংপুর অঞ্চলের ৩৩টি আসনে ২৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ২৬০টি। খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৬টি, বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬৬টি, ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে ১৪২টি, ঢাকা অঞ্চলের ৪১টি সংসদীয় আসনে ৪৪৪টি, ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১টি, সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৪৬টি, কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে ৩৬৫টি ও চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৯৪টি মনোনয়নপত্র জমা পড়েছে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৬০টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটি এবারের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। বাকি দলগুলোর মধ্যে কতটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়