খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৬:৪২ এম, ২৫ ডিসেম্বর ২০২৫  
খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এজন্য তাদের ওই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল।

তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশকে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভালের দায়িত্ব।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি সন্ত্রাসীদের গুলিতে মারা যাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগের দাবি ওঠে। এর মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে নানা কথা হচ্ছে। এই পরিস্থিতিতে পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী।

সর্বশেষ

পাঠকপ্রিয়