খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ
খুলনা ব্যুরো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদারের ওপর প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আহত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের ছোড়া একটি গুলি মোতালেব শিকদারের কানের পাশ দিয়ে প্রবেশ করে বেরিয়ে গেছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর কিছুক্ষণ আগে গুলিবর্ষণ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পেছনের উদ্দেশ্য ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর দুপুর প্রায় ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় অটোরিকশায় অবস্থানরত হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা গুলি চালায়। ওই ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।



















