আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি জোহার বাড়িতে অগ্নিসংযোগ
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) মো. মাহবুবুল আলম জোহা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তানভীর হাসান জোহার মাগুরার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মাগুরা জেলা জজ আদালতের সামনে ‘জোহা ভবনে’ এ ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, রাতে কে বা কারা ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ভবনটি।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, পানির বোতলে করে আনা পেট্রল ব্যবহার করে আগুন দেওয়া হয়। ভবনের কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস বলেন, আমি নিজের জন্য ওষুধ কিনতে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়েছিলাম। খবর পেয়ে দ্রুত এসে দেখি জানালার অংশে আগুন ছড়িয়ে পড়েছে।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















