তুষারপাতে ইউরোপজুড়ে বিপর্যয়, নিহত ৬
ইউরোপজুড়ে ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। তুষারপাতে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সের দুটি পৃথক অঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন। আর বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন।
তুষারপাতের কারণে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস ও আমস্টারডামের বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। এই ভোগান্তি আরও কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সে কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফের কারণে দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন। এছাড়া প্যারিস অঞ্চলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। এর মধ্যে পূর্ব প্যারিসে একটি ভারি পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এক ট্যাক্সিচালক তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা দেন এবং গাড়িটি মার্ন নদীতে পড়ে গেলে একজন নিহত হন। বলকান অঞ্চলজুড়েও তুষারপাত ও ভারি বৃষ্টি হয়েছে। বসনিয়ার রাজধানী সারায়েভোতে সোমবার ভেজা তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।



















