যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন
যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করা হয়েছে। সোমবার পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথে দূতাবাসটির উদ্বোধনী অনুষ্ঠানকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট।
তিনি বলেন, এই দূতাবাস প্রতিষ্ঠা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কের ক্ষেত্রে একটি গভীর তাৎপর্যপূর্ণ মাইলফলক। জোমলট বলেন, আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্ত উদ্যাপন করছি- যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুযোগ-সুবিধাসহ এই দূতাবাস আমাদের জনগণের সার্বভৌম রাষ্ট্র পাবার অধিকার এবং সকল জাতির সমতার প্রতীক।
তিনি বলেন, গাজা, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমসহ শরণার্থী শিবির এবং প্রবাসে থাকা প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস প্রমাণ করে যে, আমাদের পরিচয় অস্বীকার করা যাবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা যাবে না এবং আমাদের জীবনের মূল্য কমিয়ে দেখা যাবে না। নতুন দূতাবাসের ফলক উন্মোচনের পর জোমলটের বক্তব্যের প্রতিধ্বনি করে কূটনৈতিক কোরের মার্শাল অ্যালিস্টার হ্যারিসন বলেন, দূতাবাসের উদ্বোধন ফিলিস্তিনের জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট



















