ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১০:৩৬ এম, ০৪ জানুয়ারী ২০২৬  
ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর গণমাধ্যমকে এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র। উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন। প্রয়োজনে আরো বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে। ট্রাম্প আরো জানান, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার ভেঙেপড়া অবকাঠামো ঠিক করবে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে। শনিবার ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হামলায় মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়া হয়। সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান ট্রাম্প।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ এমনটা করতে পারেনি মার্কিন বাহিনী গত রাতে যা করেছে। এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্রচালান সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকার এই দেশে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল মজুদ তেল আছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় ২০ শতাংশ।

ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ঠিক কীভাবে ভেনেজুয়েলা ‘চালাবে’— তা এখনো পরিষ্কার নয়। তবে ট্রাম্প বলেছেন, একটি ‘গ্রুপ’ বিষয়টি দেখভাল করবে। তার ভাষায়, আমরা একদল মানুষ নিয়ে এটা চালাব এবং নিশ্চিত করব যেন ঠিকভাবে চালানো হয়। ট্রাম্প বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প দাবি করেন, রদ্রিগেস জানিয়েছেন তিনি ‘যুক্তরাষ্ট্র যা বলবে তাই করতে প্রস্তুত’।

ট্রাম্পের বক্তব্যের পর রাষ্ট্রীয় টিভিতে রদ্রিগেস বলেন, ভেনেজুয়েলাতে ‘মাদুরোই একমাত্র প্রেসিডেন্ট’ এবং সরকার নিজেদের রক্ষায় প্রস্তুত। এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বড় ধরনের হামলা’ চালায় যুক্তরাষ্ট্র। পরে সেখানে মাদুরো দম্পতিকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ইউএসএস ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মামলা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লেখেন, ‘খুব দ্রুতই তারা আমেরিকান আদালতে আমেরিকান ন্যায়ের পূর্ণ মুখোমুখি হবেন’।

সূত্র : বিবিসি

সর্বশেষ

পাঠকপ্রিয়