সুইজারল্যান্ডে রিসোর্টের বারে বিস্ফোরণ, নিহত ৪০

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০১ জানুয়ারী ২০২৬  
 সুইজারল্যান্ডে রিসোর্টের বারে বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানায় বিলাসবহুল একটি স্কি রিসোর্টের বারে নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সুইজারল্যান্ড পুলিশ।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে (জিএমটি সাড়ে ১২টা) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ‘লা কনস্টেলেশন’নামে রিসোর্টটির বারে নববর্ষ উদ্‌যাপন করতে আসা বহু মানুষের ভিড় ছিল। বিস্ফোরণের পর বারে আগুন ধরে যায়। হতাহত ব্যক্তিদের উদ্ধার করতে দ্রুত সেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা হাজির হন। পুলিশের একজন মুখপাত্র বলেছিলেন, বিস্ফোরণের সময় বারের ভেতর শতাধিক মানুষ ছিলেন।

এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বিয়াট্রিস পিলাউড বলেন, এখন আমরা এটিকে একটি অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করছি। ঘটনাটিকে এখন আর সম্ভাব্য হামলার ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। পিলাউড আরও বলেন, আমাদের হিসাব অনুযায়ী প্রায় ১০০ জন আহত হয়েছেন। বেশির ভাগ মানুষের অবস্থা গুরুতর। দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন মারা গেছেন বলে ধরে নেয়া হয়েছে। আহত ব্যক্তিদের সিয়ন, লসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টেফান গ্যানজার বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশিরাও রয়েছেন।

ক্যান্টনের পুলিশপ্রধান ফ্রেডরিক গিসলার জানান, এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। সুইজারল্যান্ড পুলিশ নিহত মানুষের সংখ্যা প্রকাশ না করলেও তাদের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেখানে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল (নো ফ্লাই জোন) নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়