ইউক্রেনের ড্রোন হামলায় ২৪ জন নিহত

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০১ জানুয়ারী ২০২৬  
ইউক্রেনের ড্রোন হামলায় ২৪ জন নিহত

রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় রুশ প্রশাসন এ তথ্য জানায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন মানুষ।

রয়টার্স এর প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার দিবাগত রাতে কৃষ্ণ সাগর সংলগ্ন খোরলি গ্রামের একটি হোটেল ও ক্যাফেকে লক্ষ্য করে একাধিক ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হয়।

রাশিয়া-অধিকৃত খেরসনের প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানান, পরপর তিনটি বিস্ফোরকবাহী ড্রোন হামলায় অংশ নেয়। তার দাবি, অন্তত একটি ড্রোনে ছিল উচ্চক্ষমতার বিস্ফোরক। হামলার সময় হোটেল এবং আশপাশের খোলা জায়গায় লোকজন উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে জানানো হয়। সালদোর জানান, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তীব্র আগুনের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে রুশ প্রশাসনের দেওয়া এই তথ্য স্বাধীন কোনও সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলা বর্তমানে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বছরের আগেই শান্তি আলোচনার পথ তৈরি করতে উভয় পক্ষের সঙ্গে পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন রাশিয়া দাবি করে যে ইউক্রেন নভগোরোদ অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে। তবে এ দাবির পক্ষে মস্কো কোনও নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারেনি।

ইউক্রেন অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেছে, শান্তি উদ্যোগ ভণ্ডুল করতেই রাশিয়া এমন অভিযোগ তুলছে। নিউইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ নিশ্চিত করেছে—চলতি সপ্তাহে ইউক্রেন পুতিন বা তাঁর বাসভবন লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়