যুক্তরাষ্ট্রে অগ্নিসংযোগের চেষ্টা ও সন্ত্রাসী হুমকির অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত ছাত্র গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অগ্নিসংযোগের চেষ্টা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকির অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম মনোজ সাই লেল্লা (২২)। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস-এর চূড়ান্ত বর্ষের ছাত্র।
ফ্রিসকো পুলিশ বিভাগ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) মনোজ সাই লেল্লাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরিবারের সদস্যরা তার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা ও হুমকির বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের তথ্যমতে, কয়েক দিন আগে মনোজ ওই বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বসতবাড়ি বা উপাসনালয় ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে, যা টেক্সাস আইনে প্রথম ডিগ্রির গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত।
এছাড়া পরিবারের বা গৃহস্থালি সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে, যা ক্লাস ‘এ’ মিসডিমিনার অপরাধের আওতায় পড়ে। তবে পুলিশ স্পষ্ট করেছে, কোনো উপাসনালয়কে লক্ষ্য করে হুমকির প্রমাণ পাওয়া যায়নি।
আদালতের নথি অনুযায়ী, অগ্নিসংযোগের মামলায় তার জামিন নির্ধারণ করা হয়েছে ১ লাখ মার্কিন ডলার এবং সন্ত্রাসী হুমকির অভিযোগে ৩ হাজার ৫০০ ডলার। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















