দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম আবারো বাড়িয়েছে। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বাড়ায় সব ধরনের সোনার মূল্য সমন্বয় করেছে । এর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বেড়েছে।
নতুন করে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৭৮৫ টাকা। বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে দেশের বাজারে কার্যকর হবে। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। ১৮ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২২ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরি প্রতি ৫ হাজার ৯২৫ টাকা। ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা এবং ১৮ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রুপার এক ভরির দাম ধরা হয়েছে ৩ হাজার ৬৩৯ টাকা।



















