গাজীপুরে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎকেন্দ্র
বাংলাদেশের শিল্প খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে নতুন দিগন্তে নিয়ে গেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। গাজীপুরের চন্দ্রায় নিজস্ব অর্থায়নে তারা নির্মাণ করেছে দেশের সর্ববৃহৎ বেসরকারি ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র, যার উৎপাদনক্ষমতা এক মেগাওয়াট।
প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ নয়; এটি মাছ চাষ, ভূমি সংরক্ষণ, পানির বাষ্পীভবন কমানো এবং পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখছে। কারখানার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
ওয়ালটনের তথ্যমতে, টেকসই উদ্যোগগুলো ইতিমধ্যে প্রায় ৯ লাখ ১১ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমিয়েছে এবং প্রতিষ্ঠানটির কার্বন ফুটপ্রিন্ট ১০ শতাংশ হ্রাস পেয়েছে।
ওয়ালটনের পরিবেশ, স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু বলেন, “ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প আমাদের টেকসই শিল্পায়নের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করছে না, মাছ চাষ এবং পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
বিশেষজ্ঞরা মনে করেন, দেশে বিদ্যুৎ সংকট ও কার্বন নিঃসরণ হ্রাসে বেসরকারি খাতের এমন উদ্যোগ সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।



















