বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:৪৬ পিএম, ০৫ জানুয়ারী ২০২৬  
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৬৭ হাজার পদে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার সন্ধ্যায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান- স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি এবং ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিবন্ধন সনদধারী আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত শর্তসাপেক্ষে অনলাইনে (e-Application) আবেদন আহ্বান করা হয়েছে। পদসংখ্যার বিবরণে জানা গেছে, স্কুল ও কলেজ পর্যায়ে শূন্য পদ রয়েছে ২৯ হাজার ৫৭১টি। মাদরাসা পর্যায়ে ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৩৩টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অনলাইন আবেদন ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীর বয়স সংক্রান্ত শর্তে বলা হয়েছে, ৪ জুন ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। পাশাপাশি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ গণনা করা হবে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদনের যোগ্য হবেন না। পদভিত্তিক শূন্যপদের বিস্তারিত তালিকা, আবেদন ফরম এবং নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত ও তথ্য এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bd) থেকে জানা যাবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়