নোবিপ্রবি ১১ দিনের দীর্ঘ ছুটিতে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১১ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করেছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যীশু খ্রিষ্টের জন্মদিন ‘বড়দিন’ ও শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর (বুধবার) থেকে ১ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় মোট ৯ দিন ক্লাস বন্ধ থাকলেও এর সঙ্গে পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১১ দিনের ছুটি পাচ্ছেন। তবে প্রশাসনিক কার্যক্রমের কথা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ৪ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।
এদিকে ছুটিকালীন নিরাপত্তা ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সতর্ক নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ, দফতর ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের আগে পানির কল, ফ্যান, লাইট, এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ বন্ধ করে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ছুটিকালীন সময়ে জরুরি কার্যসম্পাদনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগ ও দফতর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।



















