শরীয়তপুরে বোমা বিস্ফোরণে যুবক নিহত

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:৩৩ এম, ০৮ জানুয়ারী ২০২৬  
শরীয়তপুরে বোমা বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে সোহান নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহান একই এলাকার বাসিন্দা। জানা যায়, ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে। ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

জাজিরা থানার ওসি সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। ভোর ৪টার দিকে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা গিয়ে দেখেন একটি ঘরের লন্ডভন্ড অবস্থা। এর কিছু দূরে এক যুবকের মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়