হাফেজ ওসমানের পাগড়ি পরা হলো না
মাদারীপুরের রাজৈর উপজেলার বড়ব্রিজের ঢালে রোড ডিভাইডারের পূর্ব পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওসমান নামে এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পবিত্র কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে হয়েছিলেন হাফেজ। রাত পোহালেই পাবেন হাফেজ মর্যাদার পাগড়ি। কিন্তু সেই পাগড়ি আর মাথায় পরা হলো না ১৯ বছর বয়সী ওসমানের। বেপরোয়া গতির যাত্রীবাহী বাস কেড়ে নিয়েছে তার জীবন।
নিহত ওসমান পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানাধীন উত্তরীপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে। তিনি টেকেরহাট শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পিছনে মাছের আড়ৎ সংলগ্ন বায়তুল নূর ক্যাডেট মাদরাসার ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান সদ্য কোরআনের ৩০ পাড়া সুরা মুখস্থ করে হাফেজ হয়েছেন। বৃহস্পতিবার তার মাথায় পাগড়ি পড়ানোর কথা ছিল। বুধবার রাতে মাদরাসা থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় ওসমান ও তার বন্ধু হাসিবুল । রাজৈর বড়ব্রিজের ঢালে রোড ডিভাইডার স্থানে আসলে অপরদিক থেকে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওসমানের মৃত্যু হয়। গুরুতর আহত হয় হাসিবুল। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মামুন আল রশিদ বলেন, মরদেহটি উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেখান থেকে আমাদের থানায় এনে পরিবারের লোকজনের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত নেয়া হবে।



















