কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: উড়ে গেল দুটি কক্ষ, উদ্ধার ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫  
কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: উড়ে গেল দুটি কক্ষ, উদ্ধার ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ককটেল, দাহ্য পদার্থ, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল ও ক্রাইম সিন ইউনিট কাজ শুরু করে। এখনো অভিযান ও তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে ভবনের ছাদ ও বিমে ফাটল দেখা দেয় এবং পাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়। পাশের ভবনের কিছু অংশেও ফাটল ধরেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

এ ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তাঁর স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাঁদের দুই সন্তান উমায়েত (১০) ও আবদুল্লাহ (৭) আহত হন। আছিয়া বেগম ও তাঁর দুই সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, মাদ্রাসাটিতে সাধারণত ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন থাকায় মাদ্রাসা বন্ধ ছিল, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ভবনমালিক পারভীন বেগম বলেন, দীর্ঘদিন ধরে তাঁর ভবনে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছিল। তবে মাদ্রাসার আড়ালে কোনো বেআইনি কার্যক্রম চলছিল কি না, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়