গাজীপুরে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার আবদার গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমজীবী মানুষ কলকারখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টিনশেডের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিস আসার আগেই বসত ঘরের অর্ধেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তারা।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একজন ভাড়াটিয়া বলেন, ভোরে একটি তালাবদ্ধ ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং ১০টি ঘরে আগুন লাগে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. নূরুল করিম জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। তদন্তের পর আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে বলে জানান তিনি।



















