নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ২

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৬ জানুয়ারী ২০২৬  
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ২

রাঙ্গামাটি সদর উপজেলায় কাঠবোঝাই পিকআপ পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মগবান ইউনিয়নের রাইন্যাটুগুন রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাদেক চাকমা ও শান্তি প্রসাদ চাকমা। এ ঘটনায় বিনয় চাকমা নামের একজন আহত হয়েছেন। তারা সবাই সদর উপজেলার মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শান্তি প্রসাদ চাকমা এসব কাঠ পিকআপে করে জেলার একটি করাতকলে নিয়ে যাচ্ছিলেন। পিকআপটি কামিলাছড়ি আসামবস্তি-কাপ্তাই সড়কের মূল সড়ক থেকে রাইন্যাটুগুন রিসোর্টের পাশের নদীর ঘাটে যাওয়ার কথা ছিল। পথেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈকত আকবর খান বলেন, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন মারা যান, একজন চিকিৎসাধীন। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর পিকআপচালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়