কক্সবাজারে মা-ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মা ও তার চার বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলাপর কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন ইসমত আরা (২৬) এবং তার ছেলে আবরার (৪)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ইসমত আরার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলের কাছে একটি ইটও পড়ে থাকতে দেখা গেছে।
মহেশখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, নিহত নারীর বাবার ভাষ্যমতে- ইসমত আরা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অতীতে তিনি মাঝে মাঝে নিজের মাথায় দেয়ালে আঘাত করতেন এবং একবার নিজের গায়ে আগুন ধরানোর ঘটনাও ঘটেছিল। এলাকাবাসী ও পরিবারের ধারণা- ইট দিয়ে নিজেই মাথায় আঘাত করে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্ত করা হবে। তদন্ত এখনো চলমান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, নিহত নারী ডিভোর্সি ছিলেন এবং বাবার বাড়ির পাশে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা এখনই বলা যাচ্ছে না। পরিবারের সদস্যরা জানান, ইসমত আরা মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতেন। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



















