প্রচারণার সময় সহিংসতার মুখে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৫ নভেম্বর ২০২৫  
প্রচারণার সময় সহিংসতার মুখে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনি প্রচারে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম–৮ (বাকলিয়া–বোয়ালখালী) আসনে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে এরশাদ উল্লাহ তার নির্বাচনি কার্যালয় থেকে কর্মীদের নিয়ে প্রচারণায় বের হন। হামজারবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে আরও একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে, তবে তার পরিচয় এখনো নিশ্চিত নয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। একজন নিহতের খবর পাওয়া গেছে, তবে তা এখনো যাচাই করা হচ্ছে।”

এভারকেয়ার হাসপাতালের এক চিকিৎসক জানান, এরশাদ উল্লাহর বুকের বাঁ পাশে গুলির আঘাত লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। দলটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়